হাজী খাজা শাহবাজের সমাধি ও মসজিদ এর পরিচিতি
সমাধি: সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে তিন নেতার মাজারের পূর্বে হাজী খাজা শাহবাজের সমাধি অবস্থিত। বর্গাকৃতি দক্ষিণমূখী মাজারটি এক কক্ষবিশিষ্ট। ছাদের উপরে একটি গম্বুজ এবং মাজার কক্ষের সামনের বর্ধিত অংশে দোচালা ছাদযুক্ত একটি বারান্দা রয়েছে। মাঝখানে একটি খিলান দরজা বিদ্যমান। মসজিদ: হাজী খাজা শাহবাজ সমাধি কমপ্লেক্সের পশ্চিম দিকে প্রাচীর বেষ্টিত তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি পাশের সমতল ভূমি থেকে ২ মিটার উঁচু একটি চত্বরের উপর অবস্থিত। উত্তর-দক্ষিণে লম্বা, মসজিদের চারকোণে চারটি অষ্টকোণাকার মিনার রয়েছে। মসজিদটি নির্মাণের উপকরণ হিসাবে ইট, চুন, সুরকি ও পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের মাঝখানের প্রবেশপথের উপরে শিলালিপি থেকে জানা যায় যে, ১৬৭৯ খ্রিঃ হাজী খাজা শাহবাজ এ মসজিদটি নির্মাণ করেন।