ছিলিয়াখানা (ছিল্লাখানা)/ অস্ত্রাগার প্রত্নঢিবি এর পরিচিতি
ঐতিহাসিক তথ্য সূত্রে জানা যায় যে, খ্রিষ্টীয় পনের শতকে 'হাবেলী কসবা' নামে পরিচিত তৎকালীন খলিফাতাবাদ নগর রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেন হযরত খান-উল-আজম উলুঘ খান-ই-জাহান। খানজাহান (রহঃ) কর্তৃক নির্মিত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদটি ছিল তাঁর দরবার হল। তাঁর প্রতিষ্ঠিত শহরের নিরাপত্তা ও বহি শত্রুর আক্রমণ থেকে রক্ষার নিমিত্ত শহরের সাথে সংযুক্ত নদীপথের বিভিন্ন স্থানে ছিল কোতোয়ালী চৌতারা, খানজাহান (রহ:) প্রাচীন রাস্তায় পাহারার চৌকি, সায়েড়া গ্রামের ছিল্লাখানা (অস্ত্রাগার), রণবিজয়পুর গ্রামে ছিল্লাখানা (অস্ত্রাগার) বা ছিল্লাখানের কবর প্রভৃতি। ছিল্লাখানা অর্থ অস্ত্রাগার। এটি খানজাহানের মাজার সংলগ্ন অস্ত্রাগার। এই অস্ত্রাগারের ধ্বংসাবশেষ এখনও দৃশ্যমান রয়েছে। খ্রিষ্টীয় পনের শতকে এই অস্ত্রাগারটি সায়েড়া গ্রামের বর্তমানে একটি প্রকান্ড তেঁতুল গাছের নিচে ঢিবি আকারে রয়েছে। ছিলিয়াখানা (ছিল্লাখানা)/অস্ত্রাগারে অবস্থিত চৌদ্দ হাত সমাধিটির উপর খানজাহান (রহ:) মাজারের অনুরূপ একটি এক গম্বুজ বিশিষ্ট মনুমেন্ট ছিল। ছিল্লাখানা/অস্ত্রাগারের সমাধির আয়তন পূর্ব ও পশ্চিমে ৮২ ফুট এবং উত্তর ও দক্ষিণে ৬০ ফুট।