সত্যপীরের ভিটা এর পরিচিতি
পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন পূর্ব দিকে সত্যপীর ভিটা অবস্থিত। সত্যপীর ভিটা নামটির উৎপত্তি খ্রীষ্টীয় ষোল-সতের শতকের দিকে হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। প্রকৃতপক্ষে সত্যপীর ভিটায় রয়েছে একটি বৌদ্ধ তারা মন্দির এবং মন্দির ঘিরে রয়েছে ১৩২টি বিভিন্ন আকার আয়তনের নিবেদন স্তূপের ধ্বংসাবশেষ। তারা মন্দিরের চতুর্দিকে বিভিন্ন অলংকরণে শোভিত স্তূপের সংখ্যাধিক্য মন্দিরের গুরুত্ব ও খ্যাতির সাক্ষ্য দেয়। একটি নিবেদন স্তূপের স্মারক কুঠরী থেকে কয়েক হাজার ক্ষুদ্র ক্ষুদ্র মাটির নিবেদন স্তূপের প্রতিকৃতি পাওয়া যায়। এ থেকে জানা যায়, হাজার হাজার পুণ্যার্থী তারা মন্দিরে আসতেন এবং ভক্তি ও শ্রদ্ধা স্বরূপ স্তূপ নিবেদন করতেন। প্রত্নতাত্ত্বিক খননে প্রায় ৫০টি তারা দেবীর ফলক ও একটি ব্রোঞ্জের জম্ভল মূর্তি ও অন্যান্য প্রত্নসামগ্রী পাওয়া যায়। আনুমানিক খ্রীষ্টীয় নবম-দশক শতকের দিকে তারা দেবীর সম্মানে সত্যপীর ভিটার মন্দিরটি স্থাপিত হয়েছিল।