রাজা হরিশ চন্দ্রের প্রাসাদ ও রাজাসন এর পরিচিতি
রাজা হরিশ চন্দ্রের প্রাসাদ: হরিশ চন্দ্রের প্রাসাদকে হরিশচন্দ্র রাজার ঢিবিও বলা হয়ে থাকে। সাভারের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত বংশী নদীর পূর্বতীরে এটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনের ফলে হরিশচন্দ্র রাজার ঢিবিতে একটি মাঝারি আকারের নিবেদন স্তূপ এবং এর সংলগ্ন দক্ষিণে একটি বিহারের কাঠামো অনাবৃত হয়েছে। সবচেয়ে উপরের স্তরে একটি স্বর্ণ ও একটি রৌপ্য মুদ্রার সন্ধান পাওয়া গিয়েছে। রাজাসন: রাজ বাড়ির পূর্বদিকে ছিল রাজাসন। মাঝখানে ছিল বৈদ বা বাইদ বলে কথিত একটি নদীর খাত। স্থানটিতে ছিল অসংখ্য ঢিবি আর এগুলিতে ছিল প্রচুর প্রাচীন ইট ও পাথর। এ সমস্ত ঢিবি ও আশে পাশের স্থান থেকে অসংখ্য পোড়ামাটির ফলক চিত্র পাওয়া যায়। রাজাসনের একটি ঢিবিতে বেসরকারিভাবে খনন কার্য চালানো হলে পোড়ামাটির ফলকে বহুসংখ্যক বুদ্ধ ও অন্যান্য মূর্তি পাওয়া যায়।