মানব সভ্যতার ক্রমবিকাশ, আদি জনবসতির বিন্যাস এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাচীন ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্ব অপরিসীম। লিখিত ইতিহাসের সীমাবদ্ধতা যেখানে প্রকট, সেখানে মাটির নিচে বা ওপরে টিকে থাকা ভৌত অবশেষ বা প্রত্নবস্তুই অতীতের সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক জীবনের নীরব সাক্ষী হিসেবে কাজ করে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এ দেশের প্রাচীন জনপদ ও সভ্যতাগুলো মূলত নদী অববাহিকাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর উপজেলা এমনই একটি প্রাচীন ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন অঞ্চল।
ভৌগোলিক অবস্থানগত কারণে এই অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক কপোতাক্ষ নদ প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ এবং সাংস্কৃতিক আদান-প্রদানের প্রধান ধমনী হিসেবে ভূমিকা পালন করে আসছে। কপোতাক্ষ অববাহিকার এই ভৌগোলিক অনুকূল পরিবেশ মহেশপুরে প্রাচীনকাল থেকেই একটি সমৃদ্ধ জনবসতি গড়ে ওঠার ইঙ্গিত প্রদান করে।
তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশের মূলধারার প্রত্নতাত্ত্বিক মানচিত্রে মহেশপুর অঞ্চলের ইতিহাস দীর্ঘকাল ধরে উপেক্ষিত রয়ে গেছে। উয়ারী-বটেশ্বর, মহাস্থানগড় বা ময়নামতির মতো বৃহৎ প্রত্নস্থানগুলো নিয়ে প্রাতিষ্ঠানিক ও গ্রন্থগত গবেষণার প্রাচুর্য থাকলেও, মহেশপুর অঞ্চলের মাঠপর্যায়ের প্রাচীন নিদর্শন ও ইতিহাস নিয়ে আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট, পদ্ধতিগত বা বৈজ্ঞানিক আকর গ্রন্থ রচিত হয়নি। ফলে এই অঞ্চলের ভূ-প্রকৃতির অভ্যন্তরে লুকিয়ে থাকা ঐতিহাসিক সত্যগুলো এখনো অনাবিষ্কৃত এবং স্থানীয় ইতিহাসের একটি বড় অংশ এখনো অন্ধকারাচ্ছন্ন।
এই তাত্ত্বিক ও গ্রন্থগত শূন্যতা (Literature Gap) পূরণের লক্ষ্যেই বর্তমান গবেষণাটি পরিচালনা করা হয়েছে। সম্প্রতি মহেশপুর অঞ্চলের বিভিন্ন স্থান থেকে স্থানীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ ভৌত নিদর্শন বা প্রত্নবস্তু (যেমন: প্রাচীন হাড়ির নকশাদার টুকরা, পোড়ামাটির গোলক বা স্লিংশট বল, প্রদীপ, চুড়ির ভগ্নাংশ, কল্কের ভগ্নাংশ, পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের পাত্রের টুকরা, মিনিয়েচার পটারি, মাটির তৈরি ঢাকনার মাথা, পাথরের বাটির ভগ্নাংশ আর বিশেষ করে ভোটিভ স্তুপা বা মানত স্তুপা) আবিষ্কৃত হয়েছে। যেহেতু এই প্রত্নবস্তুগুলোর ওপর পূর্বে কোনো গ্রন্থ বা তাত্ত্বিক রেফারেন্স পাওয়া যায়নি, তাই সরাসরি মাঠপর্যায়ে অনুসন্ধান বা ক্ষেত্রসমীক্ষার (Field Survey) মাধ্যমে প্রাপ্ত এই প্রাথমিক উৎসগুলোই (Primary Sources) এই গবেষণার প্রধান ভিত্তি।
বর্তমান প্রবন্ধটির মূল উদ্দেশ্য হলো মহেশপুর অঞ্চলে প্রাপ্ত প্রত্নবস্তুসমূহের একটি পদ্ধতিগত ও বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস (Typological Classification) করা এবং সেই ভৌত নিদর্শনগুলোর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে এই অঞ্চলের প্রাচীন ও মধ্যযুগীয় আঞ্চলিক ইতিহাসের একটি রূপরেখা পুনর্গঠন করা। এই গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল ভবিষ্যতে মহেশপুর অঞ্চলে বড় আকারের প্রাতিষ্ঠানিক প্রত্নতাত্ত্বিক খননকাজ এবং কপোতাক্ষ অববাহিকার প্রাচীন ইতিহাসকে উন্মোচন করতে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।
গবেষণা পদ্ধতি ও ক্ষেত্রসমীক্ষা
সমীক্ষার এলাকা: মহেশপুর উপজেলার অন্তর্গত বড়বাড়ি/রাজাপুর গ্রাম এলাকাকে এই সমীক্ষার মূল ক্ষেত্র হিসেবে নির্বাচন করা হয়।
তথ্য সংগ্রহ ও নথীকরণ পদ্ধতি: বর্তমান গবেষণার প্রাথমিক উপাত্তসমূহ মূলত সরাসরি মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। মহেশপুরের নির্দিষ্ট এরিয়া (পুকুরপাড়) ও খননকৃত কৃষিজমির উপরিভাগ থেকে প্রাপ্ত ভৌত নিদর্শনগুলো সংগ্রহ করে সেগুলোর তাৎক্ষণিক অবস্থান ও প্রাপ্তিস্থান নথিবদ্ধ করা হয়। পরবর্তীতে প্রতিটি প্রত্নবস্তুর ছবি তোলা হয় এবং সেগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, ওজন ও উপাদানের মতো ভৌত বৈশিষ্ট্যগুলো সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে।
প্রাপ্ত প্রত্নবস্তুর বিবরণ ও শ্রেণিবিন্যাস
মহেশপুরের বড়বাড়ী গ্রাম থেকে যে সমস্ত মৃৎপাত্রের টুকরো বা শের্ড পাওয়া গেছে, সেগুলোর গভীরতা, গঠন, রঙ ও নকশা বিশ্লেষণ করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।
মৃৎপাত্রের ধরন ও মাটির গঠন:এখানে পাওয়া মাটির পাত্রগুলোর মূলত তিন রঙের দেখা মিলেছে—কালো, ধূসর এবং হালকা লালচে। এর মধ্যে বেশিরভাগ পাত্রের মাটিই খুব মিহি ও মসৃণ, যা দেখে মনে হয় এগুলো বেশ নিখুঁতভাবে চাকার সাহায্যে তৈরি হয়েছিল। তবে এর পাশাপাশি কিছু কিছু পাত্রের মাটি একটু কর্কশ বা দানাদার টাইপেরও পাওয়া গেছে, যেগুলো হয়তো রান্নার হাঁড়ি বা বড় কোনো স্টোরেজ জারের অংশ ছিল। সেইসাথে পাওয়া গেছে মিনিয়েচার পটারি ও মাটির তৈরি বিশেষ ধরনের প্রদীপ।
নকশা ও অলংকরণ:এই পাত্রগুলোর গায়ে খুব সুন্দর ও বৈচিত্র্যময় কিছু নকশা দেখা গেছে। আর সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে প্যাডল-ইমপ্রেসড ল্যাডার ও গ্রিড অলংকরণ, যা এই সাইটের উন্নত মৃৎশিল্পের একটা প্রধান বৈশিষ্ট্য।
সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার নিদর্শন: উদ্ধারকৃত গোলাকার মৃত্তিকাপিন্ডর ভগ্নাংশ মূলত প্রাক-আগ্নেয়াস্ত্র যুগের একটি 'স্লিংশট প্রজেক্টাইল' বা মাটির গুলি।হস্তনির্মিত এই মাটির বলটি উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়েছিল, যা এর স্থায়িত্ব নিশ্চিত করে। বড়বাড়ি/রাজাপুর অঞ্চলে এর উপস্থিতি নির্দেশ করে যে, প্রাচীনকালে এটি নগর প্রতিরক্ষা, আক্রমণ কাজে ব্যবহার হতো।
সম্ভাব্য বৌদ্ধবিহারের নিদর্শন: মহেশপুরের বড়বাড়ি/রাজাপুর গ্রামের এক পুকুরপাড় হতে একটি ভোটিভ স্তুপা বা মানত স্তুপা পাওয়া গেছে। প্রত্নতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অমোঘ সূত্র রয়েছে এই মানত স্তূপকে ঘিরে—যেখানে ভোটিভ স্তূপের সন্ধান মেলে, সেখানে অবশ্যই কোনো বড় মূল স্তূপ (Mahastupa) অথবা প্রাচীন বৌদ্ধবিহার (Buddhist Monastery) থাকে। কারণ, প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষু ও সাধারণ ভক্তরা মূল প্রধান বিহার বা মন্দিরের চারপাশের নির্দিষ্ট স্তূপক্ষেত্রেই কেবল এই ছোট ছোট মানত স্তূপগুলো উৎসর্গ করতেন।
তাহলে কি এই স্থান প্রাচীন কোন এক বৌদ্ধবিহারের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে?
ইতিহাস ও সময়কাল পুনর্গঠন
স্থানীয় জনশ্রুতি ও রাজবাড়ি ধারণা:স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও লোককাহিনি অনুযায়ী, কপোতাক্ষ নদের তীরে অবস্থিত এই রাজাপুর গ্রামে এক সময় কোনো স্থানীয় প্রতাপশালী রাজার প্রশাসনিক কেন্দ্র ছিল। তবে পরবর্তীতে রাজবাড়ীর ইটের খাঁজ খুলে নিয়ে যাওয়া, ভূ-প্রকৃতির পরিবর্তন ও দীর্ঘদিনের অবহেলায় ইটের তৈরি মূল কাঠামোটি মাটির নিচে চাপা পড়ে যায় ও পরবর্তীতে স্থানীয়দের দ্বারা বিলুপ্ত হয়ে যায়।
ঐতিহাসিক বাস্তবতা: মহেশপুর অঞ্চলে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ক্ষুদ্র আঞ্চলিক শাসক বা মাহিষ্য/কৈবর্ত রাজাদের প্রভাব ছিল (যেমন রাজা মহেশ চন্দ্রের নামানুসারে 'মহেশপুর' নামকরণ সংক্রান্ত মতবাদ)। রাজাপুর গ্রামের এই 'রাজবাড়ী' হয়তো কোনো আঞ্চলিক সামন্ত রাজার দুর্গ/বাসভবন ও পাল-সেন আমলের কোনো সুরক্ষিত প্রশাসনিক কেন্দ্রের ধ্বংসাবশেষ।
প্রত্নতাত্ত্বিক প্রমাণের সাথে সঙ্গতি: আমাদের ক্ষেত্রসমীক্ষায় প্রাপ্ত ভৌত নিদর্শনগুলো (যেমন—সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থার স্লিংশট বল বা মাটির গুলি, উন্নত মানের মৃৎপাত্র, এবং ভোটিভ স্তূপ) এই রাজবাড়ির ধারণাকে শক্তিশালী করে। সাধারণ কৃষিভিত্তিক সাধারণ গ্রামে মাটির গুলি বা বিশেষ মৃৎশিল্পের মতো জিনিস থাকার সম্ভাবনা নেই; এগুলো সাধারণত কোনো সামন্তীয় শাসকের সুরক্ষিত চত্বর বা গুরুত্বপূর্ণ কেন্দ্রেই পাওয়া যায় বড়বাড়ি/রাজাপুর গ্রামে প্রাক-মধ্যযুগীয় ভোটিভ স্তূপ (Votive Stupa) ও অন্যান্য ধর্মীয় প্রত্নসামগ্রীর প্রাপ্তি ইঙ্গিত দেয় যে অঞ্চলটি প্রাচীন সমতট/গাঙ্গেয় অববাহিকার বৌদ্ধ ও লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
পুরাতত্ত্ববিদ পরেশনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সূত্রে উল্লেখিত তথ্য অনুযায়ী, সমতট ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম অঞ্চলে (যার মধ্যে মহেশপুর অন্যতম) প্রাচীনকালে সংঘারাম বা বৌদ্ধবিহার বিদ্যমান ছিল।
রাজাপুর গ্রামে লিখিত রূপের কোনো রাজবাড়ি বর্তমানে দৃশ্যমান না থাকলেও স্থানীয় স্মৃতিকথা এবং মাটির ওপর ও নিচ থেকে প্রাপ্ত প্রত্নবস্তু নিশ্চিত করে যে এটি প্রাক-মুসলিম বা মধ্যযুগের কোনো সুরক্ষিত রাজকীয় বা প্রশাসনিক স্থাপনার কেন্দ্র ছিল।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লিখুন
লেখক পরিচিতি
Reader's Table Research Club
এই লেখাটি প্রস্তুত করা হয়েছে Reader's Table Research Club-এর একটি নিবেদিত দলের মাধ্যমে, যাঁদের নিরলস পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতায় এটি আজকের রূপ পেয়েছে।
তাজবিন স্মৃতি জাহিন এই গবেষণা কার্যক্রমের প্রধান গবেষক হিসেবে স
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।