নওপুকুরিয়ার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ এর পরিচিতি
একই স্থানে ৯টি বিরাট জলাশয় আছে বলে এ স্থানের নাম নওপুকুরিয়া। জলাশয়গুলো অত্যন্ত প্রাচীন এবং আকারে এত বৃহৎ যে, এগুলোকে পুকুর না বলে দিঘি বলাই অধিক সঙ্গত। দিঘিগুলোতে ইট ও পাথর দিয়ে বাঁধান ঘাটের চিহ্ন এখনও বিদ্যমান। দিঘিগুলোর পাড়ে ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ইট ও পাথরের তৈরি অসংখ্য ইমারতের ভিত্তি চোখে পড়ে। আর চোখে পড়ে ইট ও মৃৎপাত্রের অজস্র ভগ্নাংশ। একটি সুবৃহৎ ইমারতের ধ্বংসাবশেষকে ধনভান্ডার বলে চিহ্নিত করা হয়। এখান থেকে কিছু মূর্তি পাওয়া গেছে বলে জানা গেছে।